হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরান ও শ্রীলঙ্কার মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে কলম্বো বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগ এবং ইরানের সাংস্কৃতিক কাউন্সিলরের অফিসের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের শিক্ষা, গবেষণা ও গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা ও করণীয় নির্ধারণ করা হয়।
ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশনের পাবলিক রিলেশনস অফিস জানিয়েছে, কলম্বো বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের প্রধান সুগত সেনারত্নে, বিভাগটির অধ্যাপক নিরোশনরন জেলা ও শ্রীলঙ্কার গণমাধ্যমকর্মী চন্দনা এবং ইরানের সাংস্কৃতিক কাউন্সিলর আলী কাবরিয়াইজাদেহ এই বৈঠকে অংশ নেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ‘ইরান গবেষণার (ইরানশেনাসি) উন্নয়ন’ এবং দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে টেকসই বৈজ্ঞানিক ও গবেষণা সহযোগিতা গড়ে তোলা। পক্ষগুলো একমত হয় যে, একাডেমিক ও গণমাধ্যম পর্যায়ে জ্ঞানের বিনিময় বৃদ্ধি পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করবে।
ইরানের সাংস্কৃতিক কাউন্সিলর আলী কাবরিয়াইজাদেহ ইরানের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও গবেষণার সুযোগ তুলে ধরে শ্রীলঙ্কার শিক্ষার্থী ও গবেষকদের ইরান-সংক্রান্ত বিষয়ে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান। অন্যদিকে, কলম্বো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা গণমাধ্যম প্রশিক্ষণ, যৌথ গবেষণা প্রকাশনা এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালু করার ওপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, এই বৈঠক দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী মাসগুলোতে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে, যাতে যৌথ সেমিনার, গবেষণা প্রকল্প এবং মিডিয়া ফেলোশিপ অন্তর্ভুক্ত থাকতে পারে।
আপনার কমেন্ট